ক্যানসারের কাছে হার মানলেন নির্মাতা মাতিয়া বানু শুকু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ এএম

দীর্ঘদিনের ক্যানসার ও কিডনি জটিলতার কাছে হার মেনে না-ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২১ নভেম্বর মাতিয়া বানু শুকুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয় এবং সেখানেই তার জীবনাবসান ঘটে।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্রে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। গুণী নির্মাতা নূরুল আলম আতিকের জীবনসঙ্গী ছিলেন তিনি। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’র মতো অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম উপহার দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও অনন্য স্বীকৃতি অর্জন করেছিলেন শুকু। ২০২১ সালে নূরুল আলম আতিক নির্মিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সম্প্রতি তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের কাছে সহযোগিতা চেয়েছিলেন স্বামী নূরুল আলম আতিক। সেই উদ্যোগের অংশ হিসেবে ২৮ নভেম্বর চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। কিন্তু সহকর্মীদের সেই ভালোবাসার আয়োজন দেখে যাওয়ার আগেই চিরবিদায় নিলেন এই গুণী নির্মাতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত