পল্লবীতে প্রতিবেশীকে খুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে আরেক ভাড়াটিয়া খুন হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের আদর্শ স্কুলের পেছনে একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামে। তার বাবার নাম মাইনুর রহমান।

 হাসপাতালে নিহত আনোয়ার হোসেনের প্রতিবেশী মো. সাকিব জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন তারা। আনোয়ার মিরপুরে বুটিক্সের কাজ করেন। রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করে। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আনোয়ারের পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত