ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এরপর বিষয়টি জানাজানি হয়। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, মামলা দায়েরের পর আমরা কাজ শুরু করেছি।
গত শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের কাছের লোকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। এ ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকে থানায় ফোন দেওয়া হয়েছে। এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।