পুরান ঢাকার স্থাপত্য প্রকৃতি নিয়ে রফিক আজমের বই

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

নগর উন্নয়নের নামে প্রকৃতির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা এবং মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরির বিপরীতে সহাবস্থানের স্থাপত্যভাবনা তুলে ধরেছেন স্থপতি রফিক আজম। পুরান ঢাকার স্মৃতি, স্থাপত্য, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা নিয়ে তার লেখা ‘রফিক আজম : ওল্ড ঢাকা-নিউ স্টোরি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর আগা খান একাডেমিতে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রিজোলি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বইটির প্রথম প্রকাশনা উৎসব গত ২৬ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজে অনুষ্ঠিত হয়। এরপর বিশ্বের বিভিন্ন শহরে বইটি নিয়ে আয়োজন করা হয় প্রকাশনা উৎসব।

এর আগে শুক্রবার শুরু হয় ‘রফিক আজম : পুরান ঢাকার নতুন গল্প’ শীর্ষক দুই দিনের সেমিনার। এতে বিভিন্ন দেশের স্থপতি, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। গতকাল অনুষ্ঠানের সূচনা হয় ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’ শীর্ষক নৃত্যনাট্যের মাধ্যমে। এ ছাড়া নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘বিটুইন আর্থ অ্যান্ড লাইট’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে নিজের স্থাপত্যভাবনা তুলে ধরে রফিক আজম বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ এবং এ দেশের মূল ভূমি আসলে পানি। অথচ পানির প্রকৃতি না বুঝে সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের মতো অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এতে নগরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। স্থাপত্যকে একটি আবরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে বৃষ্টি, রোদ, বাতাস ও প্রকৃতি অবাধে প্রবাহিত হওয়া উচিত।

পুরান ঢাকার অবহেলিত ও দখল হয়ে যাওয়া কয়েকটি জায়গাকে পার্ক ও জনপরিসরে রূপান্তরের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। একটি প্রকল্পে বৃষ্টির পানি সংরক্ষণ ও পরিশোধনের মাধ্যমে প্রতিদিন অন্তত ২০ হাজার লিটার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান রফিক আজম।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, আধুনিক নগরজীবনে মানুষ নিজেদের চারপাশে দেয়াল তুলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্থাপত্যের সঙ্গে মানুষের জীবন ও প্রকৃতির সম্পর্ক রয়েছে। ঢাকার সবুজ ও জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি রফিক আজমের বইটিকে ‘জ্ঞানের বিশ্বকোষ’ হিসেবে অভিহিত করেন।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা, তাপপ্রবাহ, জনঘনত্ব ও যানজটের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের স্থাপত্য-অভিজ্ঞতা থেকে ইউরোপের অনেক কিছু শেখার আছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থপতি শামসুল ওয়ারেস, জান্নাত জুঁই, আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়ার (আর্কেশিয়া) সভাপতি তুষার সোগানি, স্থপতি ফরহাদুর রেজা ও জালাল আহমেদ। উপস্থিত ছিলেন বইটির সম্পাদক রোজা মারিয়া ফালভো। অনুষ্ঠানে রফিক আজম ট্রাভেল বৃত্তি ও ‘ওয়াটার অ্যাজ লাইফ’ নকশা প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত