ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’ পালন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’ পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গু পরিস্থিতি শতভাগ নির্মূল না হলেও বিগত যেকোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত