এনএসইজেডে প্লাস্টিক শিল্পের নতুন সম্ভাবনা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) আধুনিক প্রযুক্তিনির্ভর প্লাস্টিক শিল্পের নতুন সম্ভাবনা তৈরি করছে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্বয়ংক্রিয় যন্ত্রে উৎপাদন, প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার এবং দিনের প্রাকৃতিক আলো কাজে লাগিয়ে বিদ্যুতের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠানটি। উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট প্লাস্টিকের উচ্ছিষ্টও ফেলে না দিয়ে পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি। ৩০ একর জমিতে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রতিষ্ঠিত কারখানাটিতে ইতিমধ্যে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, পূর্ণ সক্ষমতায় মাসে ৮ হাজার টন প্লাস্টিক ও পলিমারজাত পণ্য উৎপাদন এবং প্রায় ১৫০ কোটি টাকার পণ্য বিক্রি। উৎপাদন কার্যক্রম পুরোপুরি সম্প্রসারিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বর্তমানে কারখানাটিতে প্রায় ১ হাজার কর্মী কাজ করছেন। ২০২৭ সালে আরও আড়াই হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। 

কারখানাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা। কারখানা পরিদর্শনে দেখা যায়, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্লাস্টিকের চেয়ার ও পাইপ তৈরি হচ্ছে। কাঁচামাল যন্ত্রে সরবরাহ করার পর স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য বেরিয়ে আসছে। উৎপাদনের প্রায় সব ধাপই যন্ত্রনির্ভর। শ্রমিকরা মূলত তৈরি পণ্য সংগ্রহ, সাজানো, সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছেন। এতে উৎপাদনের গতি ও ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বৃহৎ পরিসরে শিল্পপণ্য তৈরির সক্ষমতা তৈরি হয়েছে।

পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। কারখানা কর্তৃপক্ষের দাবি, উৎপাদন প্রক্রিয়ায় কোনো প্লাস্টিক বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে না। উৎপাদনের সময় অবশিষ্ট বা ত্রুটিপূর্ণ প্লাস্টিক সংগ্রহ করে পুনর্ব্যবহারের মাধ্যমে আবার নতুন পণ্য তৈরি করা হচ্ছে। ফলে উৎপাদনজনিত প্লাস্টিকের অপচয় কমিয়ে একই কাঁচামাল থেকে পুনরায় পণ্য তৈরির সুযোগ তৈরি হয়েছে।

বিদ্যুৎ ব্যবহারে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমাতেও বিশেষ উদ্যোগ নিয়েছে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ। কারখানাটিতে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াট। মোট বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কারখানার বিভিন্ন কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রিমিটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম সিআইপি জানান, বর্তমানে এ কারখানায় ৫০ মডেলের প্লাস্টিকের চেয়ার, পাইপ, পিভিসি শিট ও এসপিসি ফ্লোরিং উৎপাদিত হচ্ছে। এর মধ্যে রয়েছে মগ, জগ, বালতি, খাবার সংরক্ষণের পাত্র, টেবিল, সোফা, ওয়ারড্রোব, জুতার তাক, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামসহ গৃহস্থালি, আসবাবপত্র ও নির্মাণশিল্পে ব্যবহৃত নানা ধরনের পণ্যসহ মোট ৮ হাজার ৪০০ পণ্য।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটির পূর্ণ উৎপাদন সক্ষমতা মাসে প্রায় ৮ হাজার টন প্লাস্টিকজাত পণ্য। এ সক্ষমতা কাজে লাগিয়ে দেশের গৃহস্থালি পণ্যের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চায় প্রিমিটেক। একই সঙ্গে দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের।

তবে আধুনিক উৎপাদন অবকাঠামো গড়ে তোলার পরও কারখানাটির সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট। এম এ কাইয়ুম সিআইপি জানান, গ্যাস সংযোগের জন্য প্রায় ১৮ মাস আগে আবেদন করা হলেও এখনো তা পাওয়া যায়নি। কারখানায় বিদ্যুৎ সরবরাহ থাকলেও কিছু পণ্য উৎপাদনের প্রক্রিয়ায় গ্যাসের প্রয়োজন হয়। প্রতিষ্ঠানটিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের চাহিদা ঘণ্টায় প্রায় ৫০০ ঘনমিটার, ক্যাপটিভ গ্যাসের চাহিদা রয়েছে ১৮০০ ঘন মিটার। গ্যাস সংযোগ না থাকায় বিকল্প হিসেবে ডিজেল ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি পরিকল্পিত গতিতে উৎপাদন সম্প্রসারণও বাধাগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত