সিংগাইরে আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতাকে মারধরের কয়েক ঘণ্টা পর এক আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক উপজেলা বিএনপির কুটিরশিল্পবিষয়ক সম্পাদক ইউনুস গাজী এবং সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শহিদুল ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি রাজনৈতিক নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। ইউনুস গাজীর করা জিডির পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ ছাড়া গত ১৩ নভেম্বর সিংগাইর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তিনি ২৭ নম্বর এজাহারভুক্ত আসামি। স্থানীয়দের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে তার সাম্প্রতিক সক্রিয়তা নিয়েও এলাকায় আলোচনা রয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নীলটেক কবরস্থানের পাশে কথাকাটাকাটির একপর্যায়ে শহিদুল বিএনপি নেতা ইউনুস গাজীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপির নেতাকর্মীরা শহিদুলের বাড়ি ঘেরাও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরে বিকেল ৪টার দিকে সেøাগান দিয়ে একদল লোক শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত