সাভার-আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

সাভার ও আশুলিয়ায় পৃথক দুটি স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এবং আশুলিয়ার বেলতলা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পান তারা। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাতে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত