নবজাতককে দুধ খাওয়ানোর নিয়ম

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৪ এএম

প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। মায়ের দুধ শিশুর সবচেয়ে নিরাপদ খাবার, তবে তা খাওয়ানোর কিছু নিয়মনীতি রয়েছে। অনেক নতুন মা জানেন না নবজাতককে কীভাবে দুধ পান করাবেন। নবজাতককে দুধ খাওয়ানোর আগে হবু মা এক গ্লাস পানি পান করবেন। শিথিল আসনের মতো করে চেয়ারে বসবেন দুধ খাওয়ানোর জন্য।

কীভাবে কোলে নেবেন

নবজাতকের মাথা

আপনার কনুইয়ের মধ্যে রেখে কোলে নিন। পা দুটো থাকবে ঢালু করে নিচের দিকে। আপনার হাত দিয়ে ওকে বেড় দিয়ে ধরুন। আপনার অন্য হাত দিয়ে স্তনের নিচে আঙুল দিয়ে সাপোর্ট দিন। বোঁটাটি আলতো করে ওর মুখের ভেতর ঢুকিয়ে দিন। ও বোঁটার সঙ্গে সঙ্গে চারপাশের কালো অংশটুকুও (এরিওলা) মুখের ভেতর ঢুকিয়ে নেবে এবং নলের মতো তৈরি করে টানতে থাকবে। একপাশে স্তন পুরোপুরি টানার পর অন্যপাশের স্তনে ধরুন। পরেরবার যখন দুধ খাওয়াবেন তখন শেষের স্তনটি দিয়ে শুরু করুন।

কতক্ষণ দুধ খাওয়াবেন

নবজাতক যখনই দুধ খেতে চাইবে তখনই দিতে হবে। প্রথম দুই থেকে তিন দিন কষ-কষ দুধ আসে যা পুষ্টিসম্পন্ন শালদুধ। বাচ্চা যত চুষবে ততই মায়ের দুধ নামবে। দুধ খাওয়ানোর পর পেটের বাতাস বের করুন। কাঁধে নিয়ে করতে পারেন বা কনুইয়ের মধ্যে ওর দেহ নিয়ে কোলের মধ্যে বসিয়ে রাখুন। নবজাতক যদি দিনে-রাতে ছয়বার প্রস্রাব করে তাহলে বুঝবেন ও যথেষ্ট দুধ পাচ্ছে। আপনি দিনে তিনবারের জায়গায় চারবার খান। তরল খাদ্য বাড়িয়ে দিন। মনে রাখবেন অতি ঘুমহীনতা বা দুশ্চিন্তা আপনার দুধের গতিকে কমিয়ে দিতে পারে। পুরোপুরি ছয় মাস শুধু বুকের দুধ দিয়ে বাচ্চা পালনের মনোবৃত্তি তৈরি করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

কেন দুধ জরুরি

নবজাতকের ছয় মাস পর্যন্ত বুকের দুধই একমাত্র আদর্শ খাবার। ছয় মাস পর থেকে শিশুর পুষ্টিচাহিদা পূরণে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানো দরকার। দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কৌটার দুধ খাওয়ানোর দরকার নেই। মায়ের দুধে সব ধরনের খাদ্য উপাদানই থাকে।

মায়ের দুধ সহজপাচ্য, বিশুদ্ধ এবং এতে রোগ প্রতিরোধকারী উপাদান থাকে বলে যেকোনো সংক্রমণের ঝুঁকি কমে যায়। মায়ের দুধ পানকারী শিশুদের হাঁপানি, শ্বাসতন্ত্রের রোগ, স্থূলতা, টাইপ-১ ডায়াবেটিস, কানের প্রদাহ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা (ডায়রিয়া ও বমি), সিডস (সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম) ইত্যাদির আশঙ্কা কম। যে মায়েরা শিশুকে বুকের দুধ পান করান, তাদেরও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্তন ও জরায়ুর ক্যানসারের ঝুঁকি কমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত