৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস

আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:৪৬ এএম

৫ আগস্টকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। এদিন সরকারি ছুটি থাকবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বেতার (রেডিও) ও বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসিত করার চিন্তাও করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় এবং ওইদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘প্রতিবছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালিত হবে। ওইদিন সাধারণ ছুটি থাকবে। আগামী রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত আসবে।’

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করতে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে উল্লেখ করে ফারুকী বলেন, ‘জুলাইয়ের ১ তারিখ কর্মসূচি শুরু হলেও মূল ইভেন্ট হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে; চলবে ৫ আগস্ট পর্যন্ত।’

এ উপলক্ষে অনেক কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতিবছরই এ ছুটি পালিত হবে।’ তিনি বলেন, ‘আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, জুলাইয়ে যেমন পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই এক হওয়ার অনুভূতিকে ফিরিয়ে আনা। এজন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত জানাবে।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আজকের বৈঠকে ৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে একটি কমিটি হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।’

তিনি আরও বলেন, ‘আগে একটি দলকে সাপোর্ট করার জন্য গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হতো বলে সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। লাইসেন্স দেওয়ার সেই প্রক্রিয়ার বিষয়ে তদন্ত হবে। আগামীতে লাইসেন্স দেওয়ার নীতিমালা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে।’

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে কী কী হয়েছে, সেগুলো কীভাবে রিক্রিয়েট করা যায়, তা নিয়ে প্রায় দুই ঘণ্টার আলোচনা হয়েছে বৈঠকে।

শফিকুল আলম বলেন, ‘জুলাই প্রক্লেমেশন ছাত্র-জনতার একটা দাবি। জুলাই প্রক্লেমেশন যাতে ৫ আগস্টের আগে দেওয়া যায়, সেজন্য একটা কমিটি হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। দ্রুত জুলাই সনদ তৈরির জন্য কমিটি শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে।’

‘প্রক্লেমেশন দেরি হচ্ছে এ কথা ঠিক নয়। এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা চাচ্ছি গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকীর আগেই যাতে করতে পারি’, বলেন প্রেস সচিব।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হয়। ফলে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

জুলাই অভ্যুত্থানে নিহতদের যে তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করেছে, সেখানে শহীদের সংখ্যা ৮৩৪। অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত