সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যে আটটি দেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ ৮টি দেশ এবং দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা এখনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসায় এসব দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ)-কেও আমন্ত্রণ পাঠানো হয়। তবে এসব দেশ ও সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হাতে সময় আছে আর মাত্র দু’দিন। এ অবস্থায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাবে—এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না।

তবে অন্যদিকে, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ জন অতিথি পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। তাঁদের কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন, বাকিদেরও শিগগিরই আসার কথা রয়েছে। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার একটি হোটেলে সরকারি ব্যবস্থাপনায় তাঁদের জন্য আতিথেয়তার আয়োজন করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসছেন। এর মধ্যে ইসির আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ৬০ জন প্রতিনিধি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংগঠন থেকে আসছেন প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। পাশাপাশি ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

ইসির আমন্ত্রিত প্রতিনিধিদের তালিকায় রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তুরস্ক থেকে সংসদ সদস্য ও সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আসছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচজন করে প্রতিনিধি ছাড়াও ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় অংশ ইউরোপীয় ইউনিয়নের। প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মধ্যে ইইউ থেকে আসছেন ২২৩ জন। এ ছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে আরও প্রায় ৩০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন।

বিদেশি সাংবাদিকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের ৪৮ জন প্রতিনিধি, আল জাজিরার ৭ জন সাংবাদিকসহ জাপানের এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়েচে ভেলের প্রতিনিধিরা। পাশাপাশি স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও নির্বাচন কাভার করতে ঢাকায় আসছেন।

সরকারি আরেকটি সূত্র জানিয়েছে, ভুটান, মালদ্বীপ, নেপাল, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাচ্ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন সোমবার জানায়, ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণের কাজ শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত