ফেনীতে কিস্তির টাকা পরিশোধের জন্য কানের দুল ছিনতাই করতে গিয়ে সৌদিপ্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছেন একই গ্রামের নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম। গত বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর পুলিশ সুপার উক্য সিং সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। অভিযুক্ত সাইফুল ইসলাম (২৯) সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোসনা গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহত রিনা আক্তার একই এলাকার সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে কিস্তির টাকা পরিশোধের জন্য স্থানীয় ব্র্যাক ব্যাংকের লোকজন তার বাড়িতে গিয়ে অপমান-অপদস্থ করেন। এরপর তিনি কিস্তির টাকা পরিশোধের জন্য ব্যাকুল হয়ে পড়েন। এরপর সাইফুল ইসলাম পরিকল্পনা করেন তার মালিকের কানের স্বর্ণের দুল ছিনতাই করে বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করবেন। ঘটনার দিন গত মঙ্গলবার বিকেলে সৌদি প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) তাদের কাজ দেখতে নির্মাণাধীন বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল ইসলাম রিনা আক্তারের গলা পেঁচিয়ে ধরে কানে থাকা দুটি দুল ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর সাইফুল ইসলাম রিনা আক্তারের লাশ বালু চাপা দিয়ে গুম করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করে। পরে প্রযুক্তির সহায়তায় পিবিআইয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি বাসা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে।
