ড্রাইভারকে কুপিয়েছে কিশোর গ্যাং সদস্যরা

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:০৪ এএম

নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং সদস্যরা ধোপাদহ ব্রিজের পাশে ট্রাক ড্রাইভার রহিম শিকদার (৪৩)-কে কুপিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রহিম শিকদার উপজেলার চাচই গ্রামের সাইদ শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ এলাকার ৫/৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ব শত্রুতার জের ধরে ট্রাক ড্রাইভার রহিম শিকদারের ছেলে সোয়েব শিকদারের মোবাইল ফোন কেড়ে নেয়। ঘটনা শুনে রহিম শিকদার ছেলের মোবাইল ফোন আনতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা ধোপাদহ ব্রিজের পাশেই রহিম শিকদারের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি মারাত্মক জখম হন। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা রহিম শিকদারকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রহিম শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় গত শুক্রবার সকালে বলেন, ‘রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেছি, তবে এ ঘটনায় দোষীদের আটকের জন্য অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত