বাগেরহাট শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে আম্মার (১৮) নামে এক কিশোর। বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট শহরের বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে এই খুনের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মামাতো ভাই আলী আব্দুল্লাহকে (২৩) আটক করেছে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশের হাতে আটক আলী আব্দুল্লাহ বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার মাহমুদ উন্নবীর ছেলে।
নিহত আম্মার পিরোজপুরের কদমতলা এলাকার এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। নিহত আম্মার ও তার মা মাহফুজা খাতুন বাগেরহাট শহরের বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে বসবাস করে আসছিল। বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত আম্মারের মামাতো ভাই আলী আব্দুল্লাহ তাদের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া-দাওয়ার পর তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে আম্মারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
