গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি জানিয়েছেন, আগামী বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে। গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবহন সুবিধা বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিএনপি সরকার এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং হাসপাতাল বাস্তবায়ন করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি কৃষিনির্ভর এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। বক্তব্য দেন মো. শাহ আলম, উৎবাতুল বারী আবু, মো. আমিরুজ্জামান আমির, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
