সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপির জয়

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৫ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল কার্যনির্বাহী কমিটির সদস্যপদের একটিতে জয়ী হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৯৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেনÑ পেয়েছেন ৭৮৮ ভোট।

সম্পাদক নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সবুজ প্যানেলের অ্যাডভোকেট এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শুরু হয়। ওই দিন রাত ২টার দিকে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

কার্যনির্বাহী কমিটির সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের বিপরীতে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। প্রথম দিনে ১ হাজার ৭৭১টি এবং দ্বিতীয় দিনে ২ হাজার ২৭৭টি ভোট পড়ে। মোট ৪ হাজার ৪৮ জন আইনজীবী ভোটার ভোট দিয়েছেন।

নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন। এই প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। সদস্য পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে  আজিম উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত