অসমাপ্ত স্বপ্ন ফিরছে দেশে

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৫ এএম

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের মরদেহ দেশে ফিরছে। বৃহত্তর প্যারিসের ৭৮ ডিপার্টমেন্টের জো-অঁ-জোসা এলাকার একটি ছাত্রাবাস থেকে গত ৪ মে তার মরদেহ উদ্ধার করে ফরাসি পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে তদন্ত করা হলেও ১১ মে প্রকাশিত ফ্রান্স পুলিশের প্রতিবেদনে এটিকে ‘স্বাভাবিক মৃত্যু’ বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় কক্ষে কোনো সহিংসতার চিহ্ন কিংবা জোরপূর্বক প্রবেশের আলামত পাওয়া যায়নি।

ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর কারণ স্বাভাবিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফরাসি কর্তৃপক্ষ ইতিমধ্যে মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব আইনি অনুমোদন সম্পন্ন করেছে। জো-অঁ-জোসা সিটি হল ডেথ সার্টিফিকেট প্রদান করেছে এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাস দ্রুত সময়ের মধ্যে অনাপত্তিপত্র (এনওসি) ইস্যু করে সহযোগিতা করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মহাদেব ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি সাবেক কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ ও সাগরদীপা ঘোষ রায় দম্পতির সন্তান।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় মরদেহ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রেরণকারী কর্তৃপক্ষ। পরে লাশবাহী গাড়ি শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছায়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। আগামীকাল রবিবার ভোর ৫টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।

এ ঘটনায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই নেটওয়ার্ক ইন ফ্রান্স এবং বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

২৩ বছর বয়সী মহাদেব ঘোষ ফ্রান্সের বিজনেস স্কুল এইচইসি প্যারিসে এমবিএ অধ্যয়ন করছিলেন। এর আগে তিনি যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ইতালিতে একটি কোর্স শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফ্রান্সে আসেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে নিয়মিত লেখালেখি করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত