পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেক্সিলহেইরা গ্রান্দে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের মির্জাপুরের যুবক রাম প্রসাদ সরকারের (৩৬) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। রাম প্রসাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ভাওড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো. ময়নাল হক।
নিহত রাম প্রসাদ উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ-কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। জীবিকার তাগিদে গত ৪ মে তিনি পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন। পর্তুগালের স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বাংলাদেশি অভিবাসী মাইক্রোবাসযোগে (ব্যক্তিগত গাড়ি) মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ।
খবর পেয়ে ১১টি জরুরি উদ্ধারকারী যানবাহন, একটি বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ওই চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
