‘হেলডাইভার্স’ থেকে জেসন মোমোয়ার আকস্মিক বিদায়

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

সনির এই মেগা সায়েন্স-ফিকশন প্রজেক্ট ‘হেলডাইভার্স’ থেকে আকস্মিকভাবে বিদায় নিয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ খ্যাত হলিউড পারস্টার জেসন মোমোয়া। চলতি বছরের শুরুতেই ঘোষণা এসেছিল যে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির হিট মেকার জাস্টিন লিনের পরিচালনায় ‘হেলডাইভার্স’ সিনেমার প্রধান সামরিক কমান্ডারের চরিত্রে অভিনয় করবেন জেসন মোমোয়া। 

তবে হলিউড রিপোর্টারের সাম্প্রতিক খবর অনুযায়ী, কোনো এক অজানা কারণে মোমোয়া প্রজেক্টটি ছেড়ে দিয়েছেন। তবে সনি পিকচার্স ও প্লেস্টেশন প্রডাকশন্স সাফ জানিয়ে দিয়েছে— নায়ক চলে গেলেও সিনেমা থামছে না! নতুন মেইন লিডের খোঁজ শুরু হয়ে গেছে এবং সিনেমাটি পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ নভেম্বর, ২০২৭ বুধবারে থিয়েটারে মুক্তি পাবে। 

অ্যারোহেড গেম স্টুডিওসের তৈরি এই গেমটি বিশ্বজুড়ে ১ কোটি ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। এর গল্প গড়ে উঠেছে একটি এলিট মিলিটারি টিমকে নিয়ে, যারা ভিনগ্রহের ভয়ঙ্কর দানব আর রোবটদের হাত থেকে গ্যালাক্সির ‘সুপার আর্থ’ বা পৃথিবীকে বাঁচাতে মরণপণ লড়াই করে। এর ডার্ক হিউমার আর দুর্দান্ত অ্যাকশনের কারণে এটি এখন প্লেস্টেশনের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি। সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন ‘ইট’ খ্যাত গ্যারি ডোবারম্যান, যা দর্শকদের হাই-ভোল্টেজ অ্যাকশনের গ্যারান্টি দিচ্ছে। 

‘হেলডাইভার্স’ হাতছাড়া হলেও জেসন মোমোয়ার ভক্তদের মন খারাপ করার কিচ্ছু নেই। কারণ ২০২৬ থেকে ২০২৭— আগামী দুটি বছর মোমোয়া একাই কাঁপাতে আসছেন হলিউড বক্স অফিস! আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে ডিসি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘সুপারগার্ল’, যেখানে মোমোয়াকে দেখা যাবে আইকনিক অ্যান্টি-হিরো আন্তঃগ্যালাকটিক বাউন্টি হান্টার ‘লোবো’ চরিত্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত