নগরীর ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে উদ্ধার অভিযান।
রোগীদের পাশাপাশি রোগীর স্বজনদেরও হাসপাতাল থেকে নামিয়ে অন্য হাসপাতালে এবং তুলনামূলক সুস্থদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ঠিক এই মুহূর্তে কতজন রোগীকে হাসপাতাল থেকে বাইরে নেওয়া হয়েছে, তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে চালায়।
রাত ১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, এখন পর্যন্ত হাসপাতালে ৪ জন রোগী রয়েছেন।
যারা সম্পূর্ণ সুস্থ আছেন। তাদেরকে নামিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। স্বজনদেরকে খুমেক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।