সদর দপ্তরের প্রজ্ঞাপন

পুলিশ ফিরছে খাকি প্যান্ট, নীল-জলপাই রঙের শার্টে

আপডেট : ২০ জুন ২০২৬, ০২:৫২ এএম

গত বছরের নভেম্বরের আগের ‘গাঢ় নীল’ আর ‘হালকা অলিভ’ রঙের পোশাকে  ফিরছে পুলিশ বাহিনী। তাদের প্যান্টের রঙ হচ্ছে খাকি। পুলিশের আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি হয়। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়। তবে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সেই সরকারকে।

গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করার পর পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে থেকে। ২৪ ফেব্রুয়ারি পোশাক পরিবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রঙ, আবহাওয়া এবং সদস্যদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তনে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সব  মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব পুলিশের প্যান্টের রঙ হবে খাকি। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‌্যাবের পোশাকের কোনো পরিবর্তন হচ্ছে না।

২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আসে। সেই সময় মহানগর পুলিশের পোশাক ছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা খাকি শার্ট ও খাকি প্যান্ট পরতেন। সেই পোশাক পরিবর্তন করে মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট চালু করা হয়। অন্য সব ইউনিটের পুলিশকে গাঢ় ধূসর শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট পরতে হতো। প্রায় ২১ বছর পর গত নভেম্বরে অন্তর্বর্তী সরকারের সময় ওই পোশাকে পরিবর্তন আনা হয়। ইতিমধ্যে পরিবর্তিত সেই পোশাকের পেছনে ৭৬ কোটি টাকা খরচ হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত