আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলাদা দুটি ফোনালাপে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানান। সাম্প্রতিক মাসগুলোতে অর্জিত শান্তি বিঘ্নিত করতে পারে- এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে তিনি সমগ্র অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় নেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করা জরুরি। এই চুক্তি পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও যৌথ সমৃদ্ধির জন্য একটি স্থায়ী ভিত্তি তৈরি করেছে।
ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী আঞ্চলিক শান্তির প্রতি তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান যে পাকিস্তান সংলাপ ও শান্তি বজায় রাখার যেকোনো প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে।
অন্যদিকে, ইরানের প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার, ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরসহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইরানি প্রেসিডেন্টও আঞ্চলিক শান্তির প্রতি তাঁর দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা ও সমর্থনের প্রশংসা করেন। গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে দুই নেতা পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে তা দ্রুত বাস্তবায়নে একমত হন।
ফোনালাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মহামান্য আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হোসাইনি খামেনির প্রতি তাঁর শ্রদ্ধা ও শুভকামনা জ্ঞাপন করেন। দুই নেতাই আঞ্চলিক শান্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন।
একই দিন কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও ফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সাম্প্রতিক হামলার পর কাতারের জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি প্রকাশ করেন। শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন পদক্ষেপ সব পক্ষেরই এড়িয়ে চলা উচিত।
শান্তি প্রচেষ্টায় কাতারের অবিচল সমর্থনের জন্য আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান কাতারের কূটনৈতিক উদ্যোগগুলোকে অত্যন্ত মূল্যায়ন করে; যার মধ্যে রয়েছে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এবং বুর্গেনস্টকে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চ-পর্যায়ের কারিগরি আলোচনা।
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্বসুলভ ভূমিকা রাখার জন্য কাতারের আমির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের প্রতি কাতারের ধারাবাহিক সমর্থন বজায় রাখার আশ্বাস দেন।
দুই নেতা কূটনৈতিক যোগাযোগ ও অর্থপূর্ণ সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হন। দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষকে শান্তি চুক্তির প্রতিশ্রুতিগুলো মেনে চলার আহ্বান জানান তাঁরা।
সূত্র: সামা টিভি