মঞ্চে উঠছে ‘যোজনগন্ধা মায়া’

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:২৭ এএম

তারুণ্যদীপ্ত নন্দিত নাট্যসংগঠন বটতলা’র নতুন প্রযোজনা ‘যোজনগন্ধা মায়া’র দ্বিতীয় পর্বের মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন ইমরান খান মুন্না। নির্দেশক জানান, যোজনগন্ধা মায়ার পটভূমি বাংলাদেশের আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই একটা গ্রাম, লতিপুতি গ্রাম। গ্রামের মানুষের জীবনের একটা বড় জায়গাজুড়ে আছে কুমিরপীরের মাজার। এ নাটকে কুমিরপীরের আধ্যাত্মিকতা জাগতিক, তিনি কৃষকের ভাতের অধিকারের কথা বলেন, তাদের নিজের অধিকার বুঝে নিতে শেখান। কুরুমণি কুমিরপীরের মাজার ঘিরে সর্বপ্রাণের জমিনের অধিকার রক্ষার আরেক লড়াই চালিয়ে যায়; গ্রামের মানুষের কাছে পীরের বাণীর বাহক হয়ে ওঠে সে। কুরুমণির মতো কত নাম না জানা বিপ্লবী মুখ প্রজন্ম থেকে প্রজন্মে মিলে যায় ইলা মিত্র কিংবা প্রীতিলতার মুখে, যারা সংগ্রাম সম্মুখসারি থেকে করে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত