গত কয়েক বছর ধরে নানা ব্যক্তিগত ও আইনি বিতর্কের কারণে আলোচনায় বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় নতুন এই ঘটনাও সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। তবে কোনো নতুন সিনেমার জন্য নয়, বরং নিজের সদ্য মুক্তি পাওয়া একটি মিউজিক ভিডিওতে অসাবধানতাবশত ‘ওয়ার্ডরোব ম্যালফাংশন’ বা পোশাক-বিভ্রাটের শিকার হয়ে নেটপাড়ায় ট্রেন্ডিং তিনি। গত ১৫ জুলাই মুক্তি পেয়েছে জ্যাকুলিনের নতুন মিউজিক ভিডিও ‘জুগনি’। সোনু ঠুকরাল এবং বি প্রাক-এর গাওয়া এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছিল। কিন্তু গান বা নাচের চর্চাকে ছাপিয়ে নেটিজেনদের নজর আটকে যায় অভিনেত্রীর একটি নাচের দৃশ্যে, যেখানে অসাবধানতাবশত তার পোশাক কিছুটা সরে যায়। আর এই অসতর্ক মুহূর্তটিই এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসার কয়েক ঘণ্টার মধ্যেই জ্যাকুলিনের ওই নির্দিষ্ট দৃশ্যের স্ক্রিনশট এবং ছোট ছোট ভিডিও ক্লিপ সমাজমাধ্যমের পাতায় হু হু করে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ এই ফ্রেমটি নিয়ে কাটাছেঁড়া শুরু করার পাশাপাশি তীব্র সমালোচনা ও ক্ষোভ উগরে দেন। অনেকেরই অভিযোগ, বর্তমান বিনোদন জগতে লাইমলাইটে থাকার জন্য বা সস্তা জনপ্রিয়তার স্বার্থে যেভাবে অশালীন বিষয়বস্তুকে মূল ধারার বিনোদনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ফলে মিউজিক ভিডিওর ভিজ্যুয়াল বা সুরের চেয়ে এই পোশাক-বিভ্রাটের বিতর্কই এখন সোশ্যাল মিডিয়ার মূল আলোচনার
বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই নেতিবাচক প্রতিক্রিয়া টের পেয়েই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন মিউজিক ভিডিওর নির্মাতারা। নেটিজেনরা লক্ষ করেছেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ‘জুগনি’ গানের যে সংস্করণটি রয়েছে, সেখানে প্রয়োজনীয় বদল করা হয়েছে। যে নির্দিষ্ট ফ্রেমটি ঘিরে বিতর্ক ও আপত্তির সূত্রপাত হয়েছিল, নতুন সংস্করণে সেই অংশটি অস্পষ্ট করে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, নেট দুনিয়ায় ভিডিওর ওই অংশটি নিয়ে তীব্র ট্রোলিং ও বিতর্ক তৈরি হওয়ার পরেই তড়িঘড়ি এই এডিটের সিদ্ধান্ত নেন নির্মাতা পক্ষ। তবে এই গোটা বিতর্কিত বিষয় বা মিউজিক ভিডিওর সাম্প্রতিক বদল নিয়ে জ্যাকুলিন কিংবা ‘জুগনি’ টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি। সবাই এই বিষয়ে ‘স্পিকটি নট’।