পিআইও অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ফুলগাজী যুব উন্নয়ন কার্যালয় সংলগ্ন ওই বাসার নিচতলা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এসব মালামাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত আবদুল বাকের (৪৫) নোয়াখালী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, বাসা থেকে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি করে লবণ-চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট ২০০ গ্রাম ওজনের হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট ১০০ গ্রাম ওজনের মরিচের গুঁড়া ও ৩১ প্যাকেট ১০০ গ্রাম ওজনের ধনিয়ার গুঁড়া।

প্রশাসনের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর প্যাকেটে ‘২০২৪-২৫ অর্থবছর’ লেখা রয়েছে। এসব সামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল। আবদুল বাকের গত বছরের ১০ জুলাই ফুলগাজী উপজেলায় যোগদান করেন। পরে চলতি বছরের ২২ জুলাই তাকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। তবে বদলির পরও তিনি ফুলগাজীর ভাড়া বাসাটি পরিবর্তন করেননি বলে জানা গেছে।

এবিষয়ে জানতে আবদুল বাকের হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজীব আহমেদ জানান, বাকের বর্তমানে সন্দ্বীপে কর্মরত। সন্তানদের পড়ালেখার কারণে বদলির পরও তিনি ফুলগাজীর বাসা পরিবর্তন করেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, জব্দ করা মালামাল থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের কথা জানানো হয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন,স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া মালামালের প্যাকেটে থাকা লেখা অনুযায়ী এগুলো ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ত্রাণ। ওই ব্যক্তি গত মাসে বদলি হয়ে বর্তমানে নোয়াখালীর সন্দ্বীপ উপজেলায় কর্মরত বলে জানতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত