ড. ইউনূসের বিবৃতি

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে পদক্ষেপ গ্রহণে সরকারকে অনুরোধ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

চলতি মাসে সারা দেশে একের পর এক গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। 

গতকাল সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করে ড. ইউনূস বলেন, ‘নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তার মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।’ ‘গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত’ এমনটি উল্লেখ করে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক।’

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য এ নিরাপত্তা চাওয়া হয়েছে।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত