ফ্যাসিবাদবিরোধী ঐক্য সংহত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও সহিংস অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সংলাপের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে শুরু হওয়া এ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য সুসংহত করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাপূরণ, সংস্কার, বিচার, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের অবস্থানের পাশাপাশি সংস্কার ও বিচারসহ কয়েকটি বিষয়ে নিজেদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে ৫ আগস্ট পরাজিত করা হয়েছে, এখন বাংলাদেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

গতকাল দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। ১টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন অংশ নেন। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বৈঠক শেষে এনসিপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সরকার ও এনসিপির পক্ষ থেকে পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। সারা দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা আলোচনায় এসেছে। এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রীও তার বক্তব্য দিয়েছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত, পথ, দর্শন ও আদর্শের ঊর্ধ্বে উঠে অটুট থাকবে। বৈঠকে জাতীয় স্বার্থ ও দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পলাতক স্বৈরাচারীর অপশক্তি দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারীর সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। বৈঠকের মাধ্যমে সে বার্তাই দেশবাসীর কাছে পৌঁছে দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্য নতুন করে প্রতিষ্ঠার প্রয়োজন আছে কি না এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কেউ কারও রাজনৈতিক আদর্শ বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণিপেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয়েছিল। জনগণই রাষ্ট্রের সব ক্ষমতার মালিকএমন বাংলাদেশ গড়ার জন্য সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।

সংস্কার, বিচার ও সার্বভৌমত্বে জোর এনসিপির : বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা এবং ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতীয় ঐক্যের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচনের পর সাত-আট মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বও ধারাবাহিকভাবে হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন। এ পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে গত কয়েক মাসে বিচারিক বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান না থাকার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মনে করে এনসিপি।

তার মতে, জাতীয় ঐক্য কার্যকরী করতে হলে তিনটি বিষয়কে প্রধান ভিত্তি হিসেবে নিতে হবে। এগুলো হলোসংস্কার, বিচার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না।

এনসিপির পাঁচ দফা দাবি : বৈঠকে এনসিপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এগুলোর মধ্যে রয়েছেসংস্কারপ্রক্রিয়া ও গণরায়ের কার্যকরীকরণে বাধাগ্রস্তকারী একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা এবং গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ পুরোপুরি কার্যকরী করা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ে জুলাই গণহত্যার মামলাগুলোর দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল নিশ্চিত করার দাবিও জানিয়েছে দলটি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি।

আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিচুক্তির নবায়নবিষয়ক আলোচনায় ভারতের কাছে কঠোর বার্তা দেওয়া এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে আপস না করার দাবি জানানো হয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকরী করার দাবি জানিয়েছে দলটি।

লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে : বৈঠকে ভূ-রাজনৈতিক সংকট ও সীমান্ত-পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও বর্তমান রাজনৈতিক সংকট শুধু কোনো দলের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়। এটি এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগ্রামে রূপ নিয়েছে।

তিনি বলেন, ‘এ লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই নয়। আমরা তাদের ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’ নাহিদ ইসলামের দাবি, ভারত নিজেই আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলিম ও দলিতদের ওপর কাঠামোগত নির্যাতন চালাচ্ছে।

সামাজিক-সাংস্কৃতিক শক্তিকেও যুক্ত করার প্রস্তাব : আন্তর্জাতিক অপপ্রচার ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সীমাবদ্ধ না রেখে সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি। এ জন্য আলেম-ওলামা ও ধর্মীয় নেতা, সুফিসাধক, মাজার-দরগার প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, সুশীল সমাজ, হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সরকারকে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

এনসিপি অতীতের দলীয় পররাষ্ট্রনীতিআওয়ামী লীগ বা বিএনপির নিজস্ব পররাষ্ট্রনীতির পরিবর্তে একটি যৌথ ও সর্বসম্মত জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবি জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত