শ্রমিক ও কমিউনিটির সুরক্ষায় পোশাক খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে তারা পোশাক খাতে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সাপ্লাই চেইনে কর্মরত সকল পক্ষের দায়বদ্ধতা বাড়ানো তাগিদ দিয়েছে। এ জন্য শুধু সংলাপ নয়, বাস্তব পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে ট্রেড ইউনিয়ন ও কমিউনিটির কার্যকর অংশ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এবং মানবাধিকার ও পরিবেশগত ডিউ ডিলিজেন্স (এইচআরইডিডি) নিয়ে বৈশ্বিক প্রত্যাশাও বাড়ছে। এই বাস্তবতায় শ্রমিক ও কমিউনিটির অভিজ্ঞতা সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করা এবং চিহ্নিত সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন বলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে বিল্সের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, তিন বছর ধরে আশুলিয়ায় পরীক্ষামূলকভাবে একটি নতুন মডেল চলছে, যেখানে পরিবেশ ও শ্রমিক অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে একসঙ্গে দেখা হয়েছে। এ বিষয়গুলো সাধারণত আলাদা আলাদা সংগঠন আলাদাভাবে দেখে। তবে সব একসঙ্গে করা যায় কি না এবং কতদূর কাজ হয়েছে, তা যাচাই করাই ছিল প্রকল্পের উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন বলেন, প্রচুর শ্রমিক বায়ুদূষণের শিকার হচ্ছেন। শুধু কর্মক্ষেত্রেই নয়, তাদের বাসস্থানও ঝুঁকিপূর্ণ এলাকায়। এসব বিষয়ে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।
বিল্সের ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, তথ্য সংগ্রহে ট্রেড ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি সহযোগিতা করেছেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণে ট্রেড ইউনিয়নকে আরও বেশি যুক্ত করা অনুরোধ জানিয়েছে।
সুডউইন্ড ইনস্টিটিউটের গবেষণা সহযোগী ড. সাবিন ফেরেনশিল্ড বলেন, নিজেদের দায়বদ্ধতা অনুভব করলে সাপ্লাই চেইনে শ্রম অধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতি কমে আসবে। এর জন্য বাংলাদেশে সামাজিক সংলাপ এবং পরিবর্তন আনার মতো কার্যকর টুল ও ব্যবস্থা থাকা জরুরি।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের শ্রম ও কর্মক্ষেত্র বিষয়ক উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, এখনও অনেক কারখানা এবং এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও উপেক্ষিত। এগুলো মোকাবিলায় সাপ্লাই চেইনের সকল পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। তিনি শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং এতে ত্রিপক্ষীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আইনি কাঠামোর উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা এবং ডিআইএফই’র সক্ষমতা, আধুনিকায়ন ও জবাবদিহিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।
সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক মালয়েশিয়া (ডব্লিউবিএম) উপস্থাপনা অনুযায়ী, ডিসেন্ট ওয়ার্ক চেক টুল ব্যবহার করে শ্রমিকদের জরিপের মাধ্যমে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। জরিপে লিখিত নিয়োগপত্র পাওয়া শ্রমিকের হার ৮২ থেকে ৯৫ শতাংশে, ন্যূনতম মজুরি পাওয়ার হার ৭২ থেকে ৮৮ শতাংশে এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার হার ১৩ থেকে ৫৭ শতাংশে বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা ৯৯ থেকে ৭৩ শতাংশে, নিয়মিত মজুরি পাওয়ার হার ৯৯ থেকে ৮৮ শতাংশে এবং আঘাতজনিত সুবিধা পাওয়ার হার ৮৩ থেকে ৬৬ শতাংশে কমেছে। ধর্মঘটের অধিকারের স্বীকৃতি রয়েছে মাত্র ২৪ শতাংশ ক্ষেত্রে।
ডব্লিউবিএম তথ্যে উল্লেখ করা হয়, কর্মশালার মাধ্যমে শ্রমিক ও ইউনিয়ন সদস্যদের সচেতনতা বেড়েছে। ২০২৫-২৬ সালে তিন অংশগ্রহণকারী শ্রম আইন ও দর-কষাকষি বিষয়ে প্রশিক্ষণ পান। কর্মঘণ্টা সম্পর্কে স্পষ্ট ধারণা ৬৭ থেকে ৮২ শতাংশে, ছুটির অধিকার সম্পর্কে ৭৩ থেকে ৮৯ শতাংশে এবং পরিদর্শন অধিদপ্তরের হটলাইন সম্পর্কে ৪৬ থেকে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে কয়েকটি কারখানায় গর্ভবতী নারীর কাজের চাপ কমানো, এক্সহস্ট ফ্যান মেরামত ও বকেয়া পরিশোধের মতো পরিবর্তন এসেছে। তবে কর্মশালায় নারীর অংশগ্রহণ কম ছিল।
অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, মালিক ও মালিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিসহ শতাধিক অংশগ্রহণকারী যোগ দেন।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বিল্স, ইএসডিও ও বিএলএফ আশুলিয়া শিল্পাঞ্চলে ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের চলতি পর্যায় ২০২৭ সালের এপ্রিলে শেষ হবে। পরবর্তী পর্যায় ২০২৭ সালের মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে।