ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ ও ঐতিহ্য তিতাস নদীর পাড়কে দূষণমুক্ত ও দৃষ্টিনন্দন করতে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁও গেরাম থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত নদীর পাড় পরিচ্ছন্ন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে শহরের আনন্দ বাজার মসজিদঘাট প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, তিতাস নদী শুধু একটি নদী নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরে নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তিতাসের পাড় নতুন রূপ পাবে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক বা সরকারিভাবে পরিচ্ছন্নতা অভিযান চালালেই টেকসই সমাধান আসবে না। নদীকে বাঁচাতে হলে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন নদীর পাড়ে বর্জ্য না ফেলে, সে বিষয়ে সম্মিলিত সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পৌর সভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত নদীর তীর পরিচ্ছন্ন করার এই পুরো কাজটি সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা।