সিঙ্গাপুরকে হারাতে চান নতুন কোচ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ এএম

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে জয়ের প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। নতুন প্রধান কোচ এরিক মায়ার দায়িত্ব নেওয়ার পরও দলের খেলার ধরনে বড় কোনো পরিবর্তন আনছেন না। বরং সাবেক কোচ পিটার বাটলারের কৌশল ধরে রেখেই সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফল করতে চান তিনি। গতকাল সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানান বাংলাদেশের নতুন কোচ। এ সময় দলের অধিনায়ক মারিয়া মান্দাও সিঙ্গাপুরের বিপক্ষে ভালো পারফরম্যান্সের আশাবাদ ব্যক্ত করেন। ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন মারিয়া, ঋতুপর্ণারা।

দুই সপ্তাহ আগে দলের দায়িত্ব নেওয়া এরিক মায়ার বলেন, অল্প সময়ের মধ্যে সবকিছু পরিবর্তন করা ঠিক হবে না। তাই আগের কোচ পিটার বাটলারের অধীনে দল যেভাবে অনুশীলন ও খেলার প্রস্তুতি নিয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি। মায়ার বলেন, ‘আমি সবকিছু বদলে দিতে যাচ্ছি না। মেয়েদের সঙ্গে আমরা যেভাবে কাজ করছি, তা প্রায় আগের মতোই আছে। আমরা কীভাবে খেলব, সেভাবে দলকে গুছিয়েছি, আর এটি পিটার যা করছিলেন প্রায় সেরকমই। খেলোয়াড়দের চিনতে ও বুঝতে আমার সময় লেগেছে। সবকিছু বদলে দেওয়া ন্যায্য হতো না।’

বাংলাদেশের মেয়েদের সামর্থ্য নিয়ে বেশ সন্তুষ্ট নতুন এই কোচ। বিশেষ করে টেকনিক্যাল দক্ষতা ও বলের ওপর নিয়ন্ত্রণকে দলের বড় শক্তি হিসেবে দেখছেন আফ্রিকায় কোচিং করানো এই কোচ। আফ্রিকার নারী ফুটবলের সঙ্গে বাংলাদেশের তুলনা করতে গিয়ে মায়ার বলেন, আফ্রিকার খেলোয়াড়রা শারীরিকভাবে তুলনামূলক শক্তিশালী ও লম্বা হলেও বাংলাদেশের মেয়েদের টেকনিক্যাল দক্ষতা শীর্ষ মানের। তার মতে, বাংলাদেশের মেয়েরা দ্রুতগতির এবং বল নিয়ে তাদের কাজ করার দক্ষতা প্রশংসনীয়। তাই খেলোয়াড়দের এই গুণগুলো কাজে লাগিয়েই কৌশল সাজাতে চান তিনি।

তবে সিঙ্গাপুরকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না মায়ার। ‘ম্যাচ দুটি সহজ হবে না। সিঙ্গাপুরের দল সম্পর্কে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা নিজেদের কৌশল নিয়ে কাজ করছি এবং অবশ্যই ম্যাচ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব’ বলেন মায়ার। এদিকে অধিনায়ক মারিয়া মান্দা জানিয়েছেন, নতুন কোচের অনুশীলন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা। তার মতে, কোচ পরিবর্তন হলে অনুশীলনের ধরনেও কিছুটা পরিবর্তন আসে। তবে খেলোয়াড় হিসেবে সবার দায়িত্ব হলো কোচের নির্দেশনা অনুযায়ী নিজেদের প্রস্তুত করা। সিঙ্গাপুরকে ভালো দল উল্লেখ করে মারিয়া বলেন, প্রতিপক্ষের বিদেশি খেলোয়াড়রা তাদের শক্তি বাড়াবে। তাই তাদের বিপক্ষে লড়াই করার প্রস্তুতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। মারিয়ার প্রত্যাশা, আগের ম্যাচগুলোতে যেসব ভুল হয়েছে, সেগুলো শুধরে এবার আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে দল। দেশের জন্য ভালো কিছু করাই তাদের মূল লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত