রিজভী বললেন

দেশের মাটিতে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

 ১ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ এএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রীপর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। আমি তার এ বক্তব্যের জন্য ধিক্কার জানাই। তিনি বলেন, আমাদের এক ইঞ্চি মাটিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো আধিপত্যবাদী শক্তি এখানে নিতে পারবে না।

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়। বিএনপি আশা করছে, উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতারা অংশ নেন।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : এর আগে সকালে নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ সব সময় প্রস্তুত রয়েছে। যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, সে দেশ দখল করা এত সহজ নয়।

পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, দেশে পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত