মৌলভীবাজারের কুলাউড়ায় নবম শ্রেণির শিক্ষার্থী শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও তার ছয় মাস বয়সী শিশুসন্তানকে হত্যাচেষ্টার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হত্যা ঘটনার ৯ বছর পর মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে অবস্থিত শ্বশুরবাড়িতে বেড়াতে যান আসামি সালাউদ্দিন। সেখানে তিনি রাত্রিযাপন করে পরদিন ২৩ মে তার স্ত্রী রায়না বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সালাউদ্দিন তার স্ত্রী রায়না বেগম এবং তার ছয় মাসের শিশু সন্তান মো. মাসুমকে উপর্যুপরি আঘাত করেন। সে সময় বড় বোন রায়না বেগম ও বোনের ছেলে মাসুমকে রক্ষায় এগিয়ে আসে নবম শ্রেণির শিক্ষার্থী মনি আক্তার। এ অবস্থায় দুলাভাই সালাউদ্দিন শ্যালিকা মনিকে ধাওয়া করে। প্রাণ রক্ষার্থে মনি পাশের কামাল মিয়ার বাড়িতে দৌড়ে যাওয়ার সময় ওই বাড়ির জাম্বুরা গাছের নিচে তাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সালাউদ্দিন। আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মনি আক্তার।