৬ মাসের চাহিদার জ্বালানি তেল কিনছে সরকার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ এএম

আগামী বছরের (২০২৭ সাল) প্রথম ছয় মাসের জ¦ালানি তেলের চাহিদা মেটাতে সরকার ৬ লাখ ২৫ হাজার টন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ওই জ্বালানি তেল আমদানির চারটি প্যাকেজ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত জ্বালানি তেল আমদানির তালিকায় রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন। এ ছাড়া মসুর ডাল, গম, চিনি ও সার আমদানির পৃথক প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে জ্বালানি তেল আমদানির প্রস্তাবে সুপারিশকৃত দুই দরদাতা হলো সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড ও ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

দেশের মোট আমদানিতব্য জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৭ সালে সারা বছরের চাহিদা পূরণে ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি। এর অর্ধেক পরিমাণ অর্থাৎ ৩৩ লাখ ৩৫ হাজার টন জিটুজি পদ্ধতিতে এবং সমপরিমাণ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে। এর মধ্যে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

আমদানির জন্য অনুমোদিত অর্থ বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর নির্ধারিত আইন অনুযায়ী বিপিসি পরিশোধ করবে। এ কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত নয়।

এ ছাড়া মন্ত্রিসভা কমিটি গতকালের সভায় চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশনব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ফেজ-১ শীর্ষক প্যাকেজের ক্রয়মূল্য ২১ কোটি ৭২ লাখ ৫৭ হাজার টাকা বাড়িয়ে ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে। স্থানীয় সরকার বিভাগের ওই প্রস্তাবে মূল ব্যয় ছিল ৮২ কোটি ৮ লাখ টাকা। ব্যয়বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার টাকা। সুপারিশকৃত দরদাতা মালয়েশিয়ার এরিনকো এসডিএন বিএইচডি ও বাংলাদেশের দুই কোম্পানি বেটস কনসাল্টিং সার্ভিস, ডেভ কনসালট্যান্টস এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং।

অপর এক প্রস্তাবে খুলনা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন এডিবির আর্থিক সহায়তায় ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর ৫৩০ কোটি ২৪ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়। সুপারিশকৃত দরদাতা চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ অব কোম্পানি লি.।

সভায় রেলপথ মন্ত্রণালয় প্রস্তাবিত ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের আওতায় পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত মিটার গেজ হতে ডুয়েল গেজ লাইন নির্মাণে সব পূর্ত কাজের জন্য ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকার ব্যয়ও অনুমোদন দেওয়া হয়েছে। কাজটির জন্য সুপারিশকৃত দরদাতা ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। এ ছাড়া চট্টগ্রাম সড়ক জোনের অধীন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকার ক্রয়প্রস্তাবটিও অনুমোদন দেওয়া হয়। সুপারিশকৃত দরদাতা স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি.। সিলেট সড়ক জোনের অধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকার ব্যয়প্রস্তাবটিও এদিন অনুমোদিত হয়।

মন্ত্রিসভা এদিন যুক্তরাষ্ট্র হতে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি (ব্যয় ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ টাকা, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) নিকট থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা, সৌদি আরবের এসএবিআইসি অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস হতে ১১তম লটের (অপশনাল-৩য়) ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা, জিটুজি পদ্ধতিতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৯ম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানিতে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ে ৭৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার টন চিনি (৫০ কেজির বস্তায়) ক্রয়ে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত