জেগেছে চর, বন্ধ হচ্ছে নৌপথ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ এএম

নদীর পানি কমে জেগে উঠেছে অসংখ্য বালুচর। কোথাও শীর্ণ হয়ে এসেছে নৌপথ, কোথাও আবার ডুবোচরে আটকে যাচ্ছে নৌকা। মূল ভূখ-ের সঙ্গে যোগাযোগ রাখতে চরাঞ্চলের মানুষকে দীর্ঘ বালুপথ পাড়ি দিতে হচ্ছে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। নাব্য সংকটে কুড়িগ্রামের শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আগে যেখানে অল্প সময়েই নৌকায় গন্তব্যে পৌঁছানো যেত, সেখানে এখন কয়েকগুণ বেশি সময় লাগছে। জরুরি প্রয়োজনে যাতায়াত, চিকিৎসাসেবা গ্রহণ ও কৃষিপণ্য পরিবহনেও চরম ভোগান্তিতে পড়ছেন চরাঞ্চলের বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,  ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ জেলার ছোট-বড় ১৬টি নদন্ডনদীতে একই অবস্থা। চরাঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ জেলা ও উপজেলা সদরসহ মূল ভূখ-ের সঙ্গে যোগাযোগ রাখতে হিমশিম খাচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী, পণ্য পরিবহনকারী ও নিয়মিত যাতায়াতকারী মানুষ। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। পানি কমে যাওয়ায় অনেক স্থানে নৌকা চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে নৌকা আটকে যাচ্ছে ডুবোচরে। যাত্রীদের অনেককে ঘাটে পৌঁছাতে দীর্ঘ বালুপথ হেঁটে যেতে হচ্ছে।

ব্রহ্মপত্র ছাড়াও অন্য নদন্ডনদীরও একই অবস্থা। নাব্য সংকটে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর নৌঘাট প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে। যাত্রীদের পায়ে হেঁটে অথবা গাড়িতে ঘাটে পৌঁছাতে হচ্ছে। এই ঘাটের সঙ্গে অন্তত ৫০টি ছোট-বড় নৌঘাটের যোগাযোগ রয়েছে। প্রতিদিন পাঁচ শতাধিক নৌকা যাতায়াত করলেও নাব্য কমে যাওয়ায় এখন সেই সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে।

নাগেশ্বরী উপজেলা নারায়ণপুরের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘নদীপথে চর জেগে ওঠায় নারায়ণপুরে যেতে এখন আড়াই ঘণ্টা সময় লাগে। নৌকা ঘাট পর্যন্ত যেতে পারে না। ফলে দীর্ঘ বালুপথ হেঁটে অথবা মোটরসাইকেলে যাতায়াত করতে হয়। যাত্রাপুর ঘাট থেকে বাজারে যেতে হয় ঘোড়ার গাড়িতে অথবা হেঁটে। এ কারণে জেলা সদরে গিয়ে সময়মতো অফিস-আদালতের কাজ করা যায় না। জরুরি প্রয়োজনে নৌকা ভাড়া করে আসতে দেড় হাজার টাকা লাগে।’

যাত্রাপুর ঘাট থেকে ভগবতীপুর, রলাকাটা, অষ্টআশিরচর, কালির আলগা, চিড়াখাওয়া, গোয়ালপুরিসহ কয়েকটি চরে সরাসরি নৌকায় যেতে আগের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগছে। যাত্রাপুর ঘাটে কথা হয় নৌকার যাত্রী জহুরুল হকের সঙ্গে। তিনি জানান, নদন্ডনদীতে চর জেগে ওঠা ও ডিজেলের দাম বাড়ার কারণে নৌপথে প্রতিটি রুটে ভাড়া ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

কালির আলগা চরের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, চরে যাওয়ার জন্য সারা দিনে একটি নৌকা পাওয়া যায়। তাতেও সময় ও ভাড়া বেশি লাগে। দরিদ্র চরবাসীর সুবিধার্থে বিআরটিসির মতো সরকারি ব্যবস্থাপনায় নৌকা চালানোর দাবি জানান তিনি।

যাত্রাপুর ঘাটের নৌকার মাঝি চাঁদ মিয়া জানান, পানি কমে যাওয়ায় এবং ডুবোচর জেগে ওঠায় অনেক পথ ঘুরে নৌকা চালাতে হয়। এতে সময় ও ডিজেল বেশি লাগে। প্রায়ই নৌকার পাখা ভেঙে যায়। খরচ বেড়ে যাওয়ায় যাত্রীও কমে গেছে।

নৌকার মালিক আব্দুস সামাদ বলেন, যাত্রাপুর থেকে দইখাওয়ার চরে আগে ৪৫ মিনিটে যাওয়া যেত। এখন লাগে আড়াই ঘণ্টা। পরিবহন সমস্যার কারণে চর থেকে মালামাল আসাও কমে গেছে। এতে অনেক নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির মালিক ও কুলি বেকার হয়ে পড়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘আপাতত নদন্ডনদীতে খননের পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনায় খননের জন্য বড় প্রকল্প নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের প্রকল্প নেওয়া হলে নদীর নাব্য সংকট কমবে এবং চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত