তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, আপনারা ইদানীং যা দেখছেন, আওয়ামী লীগ তো রাজনীতি শুরু করেনি, কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এটাকে কোনোভাবেই রাজনীতি নাম দিতে চাই না। গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। আপনারা-আমরা সবাই জানি, প্রচলিত আইনে তার বিচার হবে। আমরা যেভাবে চাচ্ছি, বন্দি বিনিময় চুক্তি বা আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেভাবে আনার চেষ্টা করে যাচ্ছি। দেশে ফেরত আসতে শেখ হাসিনার বিমান চাওয়ার বিষয়ে তিনি বলেন, কোনো আনরিজনেবল রিকোয়েস্ট বাংলাদেশ সরকার এক্সেপ্ট করবে, এটা আসলে হাস্যকর। মন্ত্রী বলেন, তিনি দেশে ফিরতে চাইছেন কি না, কীভাবে ফিরতে চাইছেন, তা তিনিই বলতে পারেন। আমাদের একটি প্রক্রিয়া আছে। আইনের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি এখন বিমানে উঠবেন, নাকি অন্যভাবে আসবেন, সেটি আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে প্রচলিত আইন রয়েছে। এর বাইরে আর কোনো সুযোগ নেই।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, আদালত কর্র্তৃক ‘রং হেডেড’ (একগুয়ে) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না। তিনি বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইনানুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছে মতো নয়।