কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের শহরের মজমপুর দাদাপুর সড়কে অবস্থিত বাসভবনে শনিবার (২৮ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে তিনি ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, জেলা জজের শয়নকক্ষ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের বিভিন্ন স্থানে চলন্ত যানবাহন লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো যানবাহন বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এ ছাড়া মিরপুর উপজেলার টিএন্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, জেলা জজের বাসভবনসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের আলামত এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও জানান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফয়সাল মাহমুদও ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত