ডেইরি ও ফ্যাটেনিং খাত শুধু একটি ব্যবসা নয়। এটি দেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।
অথচ এই খাতে সঠিক নজরদারি না থাকায় পশুখাদ্যের উচ্চমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও পানির ব্যয় বাণিজ্যিক হিসেবে গ্রহণ, রোগবালাই এবং উন্নত জাতের অভাব, দুধ ও মাংসের জন্য আলাদা খামারি জোন না থাকা, অবৈধভাবে গবাদিপশু প্রবেশের কারণে খামারিরা প্রতিনিয়ত লোকসানের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
রবিবার (২৯ নভেম্বর) আগারগাঁওয়ের প্রাণিসম্পদ মেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডেইরি ও ফ্যাটেনিং খাতকে কৃষির আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। কৃষির মতো এই খাতেও বিদ্যুৎ ও পানির বিলে ভর্তুকি প্রয়োজন। খামারিদের জন্য সরাসরি সরকারি সাবসিডি চালু করতে হবে। উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশেও ডেইরি খাতে সরাসরি সরকারি সহায়তা রয়েছে। অথচ বাংলাদেশে প্রকৃত খামারিরা এ সুবিধা থেকে বঞ্চিত।
খামারগুলোতে সোলার প্যানেল স্থাপনের মতো বায়োগ্যাস খাতেও বিশেষ সরকারি উদ্যোগ ও নীতিসহায়তা ঘোষণা করা প্রয়োজন। প্রতিটি বড় ও মাঝারি খামারে গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনে সহজ শর্তে ঋণ, ভর্তুকি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হলে খামারিরা নিজেরাই জ্বালানি ও বিদ্যুতের একটি অংশের চাহিদা পূরণ করতে পারবেন। এতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমবে, গোবরের সঠিক ব্যবহার হবে এবং জাতীয় পর্যায়েও বিপুল অর্থ সাশ্রয় সম্ভব হবে।
দেশে গবাদিপশুর ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে ইকবাল হোসাইন বলেন, গবাদিপশুর ভ্যাকসিন উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। দেশেই মানসম্মত ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নিতে হবে। ভ্যাকসিনের অপচয় রোধে ১০০ গরুর উপযোগী বড় ভায়েলের পরিবর্তে ১০টি গরুর উপযোগী ছোট ভায়েল সরবরাহ করতে হবে। এতে খামারিদের খরচ কমবে এবং ভ্যাকসিনের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।
দেশে অধিক মাংস ও দুগ্ধ উৎপাদন উপযোগী পশুর আভাব রয়েছে উল্লেখ করে তিনি জানান, দেশে উন্নত জাতের প্রুভেন বুল ও মানসম্মত জেনেটিকসের সংকট দূর করতে সরকারিভাবে আমদানি, উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নিতে হবে। এতে দুধ ও মাংস উৎপাদন বাড়বে।
ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডকে দ্রুত কার্যকর করার বিষয়ে তিনি বলেন, কয়েক বছর আগে ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হলেও এটি এখনও অকার্যকর। এটিকে দ্রুত কার্যকর করতে হবে। বোর্ডটি কার্যকর না থাকায় আন্তর্জাতিক অনুদান, প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।
কোরবানি কেন্দ্রিক খামারিদের অনিশ্চয়তা প্রসঙ্গে বিডিএফএফএ সভাপতি বলেন, আমরা দেখি অদৃশ্যকারণে নভেম্বর থেকে কোরবানির পর্যন্ত গো খাদ্যের দাম বৃদ্ধি পায়। যা কোরবানি পরে কমে যায়। এর ফলে খামারিরা দিশেহারা হয়ে পড়েন। প্রান্তিক খামারিরা লোকসানের মধ্যে পরেন। এ বিষয়েও সরকারকে নজর দিতে হবে।
এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবাধে গবাদিপশু আমাদের দেশে ঢোকে । যা পরবর্তীতে দেশের অভ্যন্তবে ছড়িয়ে পরে। যা একদিকে দেশের জন্য হুমকি হিসেবে কাজ করছে। অন্যদিকে দেশে উৎপাদিত গবাদিপশুর কাঙ্খিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। একারণে এখন থেকেই সীমান্ত এলাকা দিয়ে যাতে অবৈধ গবাদিপশু প্রবেশ করতে না পারে সেটি নজরদারি মধ্য আনার দাবি জানান।
এলাকা ভিত্তিক ডেইরি জোন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার গুড়াদুধ আমদানি হয়। অথচ খামারিরা দুধ বিক্রি করতে পারছেনা ও ন্যায্য মূল্য পাচ্ছেনা। দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে রয়েছি। এজন্য চর অঞ্চল ও খাস জমিতে ডেইরি ফার্ম করার জন্য ডেইরি জোন করা এখন সময়ের দাবি। খামারিরা বাঁচলে দেশের দুধ ও মাংস উৎপাদন বাড়বে, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের মানসম্পন্ন পণ্য রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।