১৯৭১ সালের সাহসী বিমান সেনার চরিত্রে অজয় দেবগন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৩:১০ পিএম

অজয় দেবগনের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি বায়োপিক। এছাড়া কড়া পুলিশ অফিসার ও সেনা কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন। এবার আসছেন বিমানবাহিনীর কর্মকর্তারূপে। তাও আবার বাস্তব জীবনের কাহিনি।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন অজয়।

ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমির ওপর তৈরি হচ্ছে। ওই সময় গুজরাটের পাকিস্তান সীমান্ত সংলগ্ন বিমানবাহিনীর একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তানি সেনারা।

এরপর স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভুজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয় নারীদের সাহায্যে সেই বিমান ঘাঁটি আবার তৈরি করেন। এরপর পাল্টা হামলা চালান।

এই পদক্ষেপকে সমসাময়িক ভারতীয় বিমানবাহিনীর অন্যতম সাহসী পদক্ষেপ বলে মনে করা হয়। অনেকে এই হামলাকে ভারতের ‘পার্ল হারবার মোমেন্ট’ বলেও আখ্যায়িত করেন। সেই ঘটনায় উঠে আসবে অজয়ের এই ছবিতে।

সিনেমাটির নাম রাখা হচ্ছে ‘ভুজ: দ্য প্রাইস অব ইন্ডিয়া’। পরিচালনা করবেন অভিষেক দুধাইয়া। প্রযোজনা সংশ্লিষ্ট টি-সিরিজের প্রধান ভূষণ কুমারই প্রথম এই ছবির কথা টুইট করে জানান। খবরটি অজয়ও ফেসবুকে নিশ্চিত করেছেন।

আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, রানা ডগ্গুবতী, পরিণীতি চোপড়া ও পাঞ্জাবি সিনেমার অভিনেতা এমি ভ্রিক।

সম্প্রতি পাকিস্তান থেকে ভারতে দেশে ফেরা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন নির্মাতা। তবে টি-সিরিজ আরেকটু পিছিয়ে গিয়ে বেছে নিল ১৯৭১ সালের কাহিনিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত