১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। ছয় দশকের ব্যবধানে সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতার রেশ ধরে আজ (রবিবার) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট লড়াইয়ে নামছে দুই দেশ। তাদের মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলের গাণিতিক বিশ্লেষক ‘অপটা সুপার কম্পিউটার’ দিল নতুন এক ভবিষ্যৎবাণী। শিরোপা জয়ের ক্ষেত্রে তারা এগিয়ে রেখেছে স্পেনকে।
টুর্নামেন্ট জুড়ে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবল এবং তাদের ট্যাকটিক্যাল আধিপত্যের ওপর ভিত্তি করেই এই কম্পিউটার প্রেডিকশন প্রদান করেছে অপটা। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, ২৫ হাজারবার ম্যাচের সিমুলেশন চালিয়ে দেখা গেছে যে, ৫৯.৬ শতাংশ ক্ষেত্রে শিরোপা জয়ের সম্ভাবনা স্পেনের, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাফল্যের হার ৪০.৪ শতাংশ। এছাড়া নির্ধারিত ৯০ মিনিটের হিসাবে, স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ, ড্র হওয়ার সুযোগ ২৯ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ।
তবে ফুটবল কি আর কেবল গাণিতিক সমীকরণে চলে? এর আগে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অপটা এমন পূর্বাভাস দিলেও, মাঠের ফুটবলে অঘটনের শিকার হয়ে সেই হিসেব উল্টে যাওয়ার নজিরও রয়েছে ভুরি ভুরি।
ফাইনালে কেবল দুই দেশ লড়ছে না, বরং লড়ছে দুটি প্রজন্ম। একদিকে লিওনেল মেসি, যার এটিই সম্ভাব্য শেষ বিশ্বকাপ আসর। অন্যদিকে স্পেনের বিস্ময় লামিন ইয়ামাল, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া ইয়ামালের ছোটবেলার সেই ছবির সাথে মেসির বর্তমান অনন্য যাত্রার মিল যেন এক প্রতীকী রূপান্তরের গল্প। ফুটবল ইতিহাসে এটি এক অনন্য সন্ধিক্ষণ, যেখানে বর্তমানের মহানায়ক আর ভবিষ্যতের সম্ভাবনাময় তারকার লড়াই দেখবে পৃথিবী।
বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম রেকর্ড ৭৫ লাখ