প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ। সকালে হালকা কুয়াশা, বিকেলে মিষ্টি রোদ আর সন্ধ্যায় শীতল বাতাস। এই আবহাওয়ায় ভারী শীতের পোশাক পরতে যেমন অস্বস্তি, তেমনি একেবারে গ্রীষ্মের পোশাকেও স্বস্তি মেলে না। তাই পোশাকে চাই একটু বাড়তি স্তর, যা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সাজেও যোগ করবে নতুন মাত্রা। এ সময় মেয়েদের পোশাকের তালিকায় জায়গা করে নিতে পারে লং কোট, লং শ্রাগ, হালকা ব্লেজার কিংবা স্টাইলিশ জ্যাকেট। সাধারণ পোশাকের ওপর এমন একটি বাড়তি পোশাকই বদলে দিতে পারে পুরো সাজের ধরন। লিখেছেন মোহসীনা লাইজু
লং কোটে আভিজাত্য
হালকা শীতের পোশাকে লং কোট খুব উপযোগী পোশাক। হাঁটু পর্যন্ত কিংবা হাঁটুর কিছুটা নিচে নামা কোট শরীরকে হালকা উষ্ণতা দেয়। সিঙ্গেল বাটন, ডাবল বাটন, বেল্টযুক্ত কিংবা খোলা সামনের নকশার লং কোট বেশ মানানসই। বিশেষ করে কোমরে বেল্ট দেওয়া কোট এলিগেন্ট লুক দেয়। আবার ঢিলেঢালা কাটের কোটে পাওয়া যায় স্বচ্ছন্দ। লং কোট তৈরিতে ফানেল, উলের মিশ্রণ, টুইল, গ্যাবার্ডিন, সুয়েড কিংবা মোটা কটন কাপড় ব্যবহার করা হয়। হালকা শীতের জন্য খুব ভারী কাপড়ের পরিবর্তে নরম, নমনীয় ও মাঝারি পুরুত্বের কাপড় বেছে নেওয়া ভালো। বেইজ, ক্যামেল, ধূসর, কালো, অফ হোয়াইট ও চকলেট রঙের কোট সহজেই অন্য পোশাকের সঙ্গে মানিয়ে যায়। অফিসের আনুষ্ঠানিক পোশাক, শার্ট-ট্রাউজার কিংবা সাদামাটা কুর্তির ওপর লং কোট পরলে সাজে আসে নতুনত্ব। আবার জিনস ও টি-শার্টের সঙ্গে পরলেও তৈরি হয় আধুনিক ক্যাজুয়াল লুক।
লং শ্রাগও চলতে পারে
যারা ভারী পোশাক পছন্দ করেন না, তাদের জন্য লং শ্রাগ হতে পারে দারুণ বিকল্প। সাধারণত এতে বোতাম বা চেইন থাকে না। ফলে সহজেই অন্য পোশাকের ওপর পরা যায়। হাঁটু পর্যন্ত কিংবা তার চেয়ে কিছুটা লম্বা শ্রাগ কুর্তি, টপস, লং ড্রেস ও জিনসের সঙ্গে বেশ মানিয়ে যায়।
কটন নিট, রিব নিট, ভিসকস, জার্সি ও হালকা উলের মিশ্রণ দিয়ে তৈরি শ্রাগ বেশ আরামদায়ক। কারও পছন্দ একরঙা, কারও আবার পছন্দ জ্যামিতিক নকশা, ডোরাকাটা কিংবা সূক্ষ্ম কারুকাজের শ্রাগ। খোলা সামনের নকশা, চওড়া হাতা, ঢিলেঢালা গড়ন এবং দুই পাশে পকেট এসব নকশা পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ক্যাম্পাস, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা কেনাকাটায় যাওয়ার জন্য উপযোগী।
হালকা ব্লেজারে ফরমাল সাজ
কর্মজীবী নারীদের পোশাকে হালকা ব্লেজার বেশ উপযোগী। বিশেষ করে অফিসের আনুষ্ঠানিক লুক তৈরি করে, তেমনি হালকা শীত থেকেও সুরক্ষা দেয়। একরঙা, কোমর পর্যন্ত লম্বা কিংবা সামান্য ঢিলেঢালা ব্লেজার বেশ জনপ্রিয়। পাশাপাশি সিঙ্গেল বাটন, নচড ল্যাপেল, খোলা সামনের নকশা ও কোমরে হালকা গড়ন দেওয়া ব্লেজারও বেছে নিতে পারেন।
ব্লেজারের কাপড় নির্বাচনে গুরুত্ব দিতে হবে আরামের বিষয়টি। লাইটওয়েট টুইল, কটন ব্লেন্ড, পলিয়েস্টার ব্লেন্ড ও নরম নিট কাপড়ের ব্লেজার হালকা শীতের জন্য ভালো। কালো, নেভি ব্লু, ধূসর, বেইজ ও বাদামি রঙের ব্লেজার অফিসের পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। শার্ট, টপস, ট্রাউজার কিংবা স্কার্টের সঙ্গে ব্লেজার পরলে তৈরি হয় পরিপাটি সাজ।
জ্যাকেটে আধুনিকতার ছোঁয়া
শীতের পোশাক মানেই ভারী জ্যাকেট নয়। হালকা শীতের জন্য ছোট ও মাঝারি দৈর্ঘ্যরে জ্যাকেট বেশ কার্যকর। বিশেষ করে ডেনিম, বোম্বার, সুয়েড, শ্যাকেট কিংবা হালকা কাপড়ের জিপার জ্যাকেট পোশাকে নতুন মাত্রা যোগ করতে পারে। ডেনিম জ্যাকেটের সঙ্গে টি-শার্ট ও জিনস, আবার সুয়েড জ্যাকেটের সঙ্গে ট্রাউজার কিংবা লং স্কার্ট বেশ মানানসই। জ্যাকেটের ক্ষেত্রে কটন, ডেনিম, টুইল, পলিয়েস্টার মিশ্রিত কাপড় এবং হালকা কৃত্রিম চামড়ার ব্যবহার দেখা যায়। কিছু জ্যাকেটে থাকে জিপার, আবার কিছুতে বোতাম, কলার কিংবা কোমরে ইলাস্টিকের নকশা। হালকা প্যাডিং দেওয়া জ্যাকেটও বেছে নেওয়া যেতে পারে।
পরিবেশ বুঝে পোশাক
সব পরিবেশে সব ধরনের পোশাক মানানসই নয়। অফিসের আনুষ্ঠানিক পরিবেশে বেছে নিতে পারেন বেইজ, কালো কিংবা ধূসর রঙের লং কোট বা হালকা ব্লেজার। সঙ্গে সোজা কাটের ট্রাউজার ও বন্ধ জুতা সাজকে করবে পরিপাটি। ক্লাসের জন্য ডেনিম জ্যাকেট কিংবা লং শ্রাগ ভালো মানাবে। জিনস, কুর্তি কিংবা লং টপসের সঙ্গে এগুলো সহজেই মানিয়ে যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা, কেনাকাটা কিংবা বিকেলের ঘোরাঘুরিতে সুয়েড জ্যাকেট বা খোলা সামনের শ্রাগ পরতে পারেন। আবার পারিবারিক অনুষ্ঠান কিংবা সন্ধ্যার নিমন্ত্রণে একরঙা লং কোটের সঙ্গে লম্বা পোশাক পরলে সাজে আসবে আভিজাত্য। যারা শাড়ি পরতে পছন্দ করেন, তারা শাড়ির সঙ্গে মানানসই ছোট ব্লেজার বা হালকা কোটও বেছে নিতে পারেন।
কোথায় পাবেন, দাম কেমন
দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, শীতের পোশাকের বিশেষায়িত দোকান, বুটিক হাউজ ও অনলাইন পোশাকের দোকানে এখন পাওয়া যাচ্ছে নানা ধরনের লং কোট, শ্রাগ, ব্লেজার ও জ্যাকেট। ঢাকায় নিউ মার্কেট, গাউছিয়া, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের বিভিন্ন দোকানে এসব পোশাকের সংগ্রহ দেখতে পারেন। এ ছাড়া অঞ্জনস, লা রিভ, কে-ক্রাফট, আড়ং, সারা লাইফস্টাইলসহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ও অনলাইনে শীতের পোশাক পাওয়া যায়।
দামের ক্ষেত্রে কাপড়, নকশা, সেলাই ও ব্র্যান্ডভেদে পার্থক্য রয়েছে। সাধারণ মানের জ্যাকেট বা শ্রাগ প্রায় ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। ভালো মানের লং কোট ও ব্লেজারের দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা বা তার বেশি হতে পারে। ব্র্যান্ডের বিশেষ নকশার কোটের দাম ৪ থেকে ৬ হাজার টাকা কিংবা তারও বেশি হতে পারে।
কেনার আগে কিছু বিষয়
হালকা শীতের পোশাক কেনার সময় শুধু নকশা নয়, আরাম ও ব্যবহারিক দিকটিও বিবেচনায় রাখতে হবে। পোশাকটি শরীরে ঠিকমতো বসছে কি না, ভেতরে অন্য পোশাক পরা যাবে কি না, দেখে নিন। কাপড়ের মান, সেলাই, বোতাম, জিপার ও আস্তরণ দেখে নিন। এমন রং বেছে নেওয়া ভালো, যা একাধিক পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। এতে একই পোশাক বিভিন্নভাবে পরার সুযোগ থাকবে।
পোশাকে চলছে কোন ধারা
এ বছর শীতের ফ্যাশনে চোখে পড়ছে গতানুগতিক কাট, হালকা রঙের ব্যবহার ও স্তরভিত্তিক পোশাকে ট্রেন্ড। বেইজ, ক্যামেল, অলিভ, সেজ গ্রিন, চকলেট ব্রাউন, বারগান্ডি, অফ হোয়াইট ও ধূসর রঙের পোশাক বেশ মানানসই। একরঙা পোশাকের পাশাপাশি বিপরীত রঙেও তৈরি করা যায় আকর্ষণীয় সাজ। ঢিলেঢালা কোট, বেল্টযুক্ত ওভারকোট, ছোট জ্যাকেট এবং নরম কাপড়ের শ্রাগের চাহিদাও রয়েছে। পোশাকে বড় নকশার পরিবর্তে কলার, হাতা, পকেট, বোতাম ও কোমরের কাটছাঁটে বিশেষত্ব আনার প্রবণতা দেখা যাচ্ছে।
পোশাকের স্তরবিন্যাস বা লেয়ারিং এখন বেশ জনপ্রিয়। অর্থাৎ ভেতরে টপস বা শার্ট, তার ওপর শ্রাগ কিংবা ব্লেজার, সঙ্গে মানানসই প্যান্ট বা স্কার্ট। এতে আবহাওয়া অনুযায়ী চাইলে পোশাকের স্তর কমানো বা বাড়ানো যায়। দেশের পরিবর্তনশীল আবহাওয়ায় এই সাজ বেশ কার্যকর।