‘মিরপুরের গ্যালারিতে ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে থাকবে’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

যে প্রতিপক্ষের বিপক্ষে ২০০৫ সালের ২৬ মে লর্ডসে সাদা পোশাকের অভিষেকে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন মুশফিকুর রহিম, ঠিক সেই ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টেই নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি’। 

বিসিবি সভাপতি তামিম ইকবাল গতকাল শনিবার মুশফিকের অবসরের ঘোষণা দেওয়ার পর রাতে নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তায় প্রিয় ফরম্যাট ছাড়ার কথা জানিয়েছেন মুশফিক। যার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে ৭ হাজার ৯৩৪ দিনের এক সুদীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের পর্দা নামবে।

শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ২২ বছরের যাত্রায় কখনো কঠিন লড়াই, কখনো ঐতিহাসিক জয়ের নায়ক হয়ে বাংলাদেশের ক্রিকেটে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুশফিক। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার টেস্ট ফরম্যাট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

অবসরের ঘোষণা নিয়ে নিজের অনুভূতি, কৃতজ্ঞতা ও জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়ে ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লেখেন,

‘আসসালামু আলাইকুম সবাইকে,

আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে।

আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।

আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।

জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।

আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।

আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত