ময়মনসিংহে চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তার পরিবারে হামলার অভিযোগ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০২:১৫ পিএম

ময়মনসিংহ নগরীতে চাঁদা না দেওয়ায় এবং নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী স্থানীয়দের কাছ থেকে না কেনায় এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী নজরুল ইসলাম শেরপুরের বাসিন্দা এবং নগরীর জনতা ব্যাংকের চরপাড়া শাখার কর্মকর্তা। তিনি ২০২৩ সালে নগরীর ময়নার মোড় এলাকায় চার শতক জমি কিনে প্রায় ছয়-সাত মাস আগে পাঁচতলা ভবনের ভিত্তিসহ একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। পাশাপাশি নির্মাণসামগ্রী তাদের কাছ থেকে কেনার জন্য চাপ প্রয়োগ করা হয়। তবে তিনি নিজস্ব পছন্দ অনুযায়ী মালামাল কিনে নির্মাণকাজ চালিয়ে গেলে অভিযুক্তরা ক্ষুব্ধ হন। 

অভিযোগে বলা হয়, একাধিকবার হুমকি দিয়ে বলা হয়, তাদের কাছ থেকে মালামাল না কিনলে নির্মাণকাজ করতে দেওয়া হবে না। সর্বশেষ রবিবার (১৪ জুন) বিকেলে অভিযুক্তরা বাড়িতে গিয়ে আবারও চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সাকিম আহম্মেদের মাথায় আঘাত করেন এবং অন্যদেরও মারধর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে অতর্কিত হামলা চালাতে দেখা যায়। পরে আরও কয়েকজন হামলায় যোগ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। বাধা দিতে গেলে নজরুল ইসলামের স্ত্রীও হামলার শিকার হন।

নজরুল ইসলাম বলেন, ব্যাংক ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করছি। তারা চাঁদা দাবি করে এবং তাদের কাছ থেকেই মালামাল কিনতে বলে। এভাবে হামলার শিকার হব, তা কল্পনাও করিনি। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত