দামে লাগাম টানতে কাঁচা মরিচ আমদানির অনুমতি

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম

কিছুদিন ধরেই ঢাকার বাজারে বাড়ছে কাঁচা মরিচের দাম। এক মাসেরও কম সময়ে ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হওয়া প্রতি কেজি কাঁচা মরিচ এখন ৪০০ টাকা ছাড়িয়েছে। পণ্যটির দামে লাগাম টানতে এবার আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে পণ্যটির দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

গতকাল রবিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং বন্যার কারণে মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ফসলের একটি কাঁচা মরিচ। ফলে সরবরাহ কমে যায় এবং পণ্যটির দামও কয়েকগুণ বৃদ্ধি পায়। অবশ্য প্রতি বছর বর্ষার সময়েই কাঁচা মরিচের জমি ক্ষতিগ্রস্ত হয় এবং আমদানি করেই এই সংকট দূর করা হয়।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর (ট্যাক্স) কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আজ থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সরেজমিন যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় (খাদ্য ও কৃষি) পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণসংক্রান্ত সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী। পরে সেখান থেকে তারা সরেজমিন শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত