সাতকানিয়ায় প্রথমবারের মতো বৈশাখী মেলা ও বলী খেলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় প্রথমবারের মতো বর্ণিল বৈশাখী মেলা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) পৌরসভা পরশমণি ক্লাবের পাশে দিনভর উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ নওয়াব মিয়া।

স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আয়োজক ও এলাকাবাসী। সকাল থেকেই মেলার মাঠে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, মুখরোচক খাবারের স্টল, শিশু-কিশোরদের বিনোদনসহ বিভিন্ন আয়োজন মেলাকে প্রাণবন্ত করে তোলে।

মেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন, সাতকানিয়া-লোহাগাড়া আসনে বিএনপি থেকে সাবেক এমপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির অসংখ্য নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলী খেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা বলীরা অংশগ্রহণ করেন। শক্তি, কৌশল ও দক্ষতার সমন্বয়ে প্রতিটি লড়াই দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা সৃষ্টি করে। তবে শেষপর্যন্ত কুমিল্লার জনপ্রিয় বলি বাঘা শরীফের সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত