জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছে ৩ জন।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা বেতমারী তালতলা এলাকায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও নিহত অপর নারীর পরিচয় সনাক্ত হয়নি। তার মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মজিবর রহমান (৫৫), শফিকুল ইসলাম (৪০) ও এনজিও কর্মী ফাতেমা আক্তার (৫২)।
একই দিন সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় অটোরিকশার চাপায় নাজনিন নাহার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ওই এলাকার নাজমুল হোসেনের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরপলিশা বেতমারী তালতলা এলাকায় জামালপুরগামী একটি সিএনজি ও মেলান্দহগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন নারীসহ ছয়জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমসহ দুই নারীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। আর এ ঘটনায় মজিবর রহমান, জীবন মিয়া, শফিকুল ইসলাম ও এনজিও কর্মী ফাতেমা আক্তার গুরুতর আহত হয়েছে।

অন্যদিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় নাজনিন নাহার নামে এক শিশু অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেছেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সিএনজি ও ভটভটির সংঘর্ষে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত